গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের নিচ থেকে আজ সোমবার সকালে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত নারী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাপতলী এলাকার মৃত সানাউল্লাহর স্ত্রী পরিবানু (৭৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবানু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহতের নাতি সুজন আহমেদ জানান, গত ১৬ ডিসেম্বর তার দাদি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তাঁকে খোঁজার চেষ্টা করা হচ্ছিল।
পুলিশ জানায়, মরদেহের শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন