ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং দুই নারী আটক হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭০/৭-এস এর নিকট মাধবখালী গ্রামের একটি মেহগনি বাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ও ২২ বোতল উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে ১ জানুয়ারি ২০২৬ ভোর সাড়ে ৩টার দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫০-আর সংলগ্ন একটি ভুট্টাক্ষেত থেকে পৃথক অভিযানে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারী বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন