ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৭ ঘণ্টা পর পুনরায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
এর আগে শুক্রবার রাত ২টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। নৌপথে নিরাপত্তার স্বার্থে ওই সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। সেই সাথে আটকা পড়ে হাজারের অধিক যাত্রী।
আজ সকাল সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করে। এতে চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় আজ সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন