কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার দুপুর প্রায় ৩টার দিকে দৌলতখালী গ্রামের মাঠে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ডিসপোজ করা হয়।
যশোর ক্যান্টনমেন্ট থেকে আগত ১৭ সদস্যের একটি বিশেষায়িত সেনা দল ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মানসুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
উদ্ধারকৃত মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি ১৯৭১ সালের সময়কার বলে অনুমান করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে মর্টার শেলটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখালী গ্রামের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মরহুম মো. আসমত উল্লাহর বসতবাড়িতে দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত মর্টার শেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে দৌলতপুর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে।
পরে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করলে সেনাবাহিনীর একটি টিম রাত থেকেই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে যশোর ক্যান্টনমেন্ট থেকে আগত বিশেষজ্ঞ দল শুক্রবার দুপুরে নিরাপদে মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত ও নিরাপদ পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন