পিরোজপুরে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৪৪ পিএম
পিরোজপুরে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, তিনটি আসনের জন্য ভিন্ন ভিন্ন সময়ে শুনানি অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর কাগজপত্র সঠিক পাওয়া গেছে। তবে পিরোজপুর-৩ আসনের আরও দুইজন প্রার্থীর ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সাপেক্ষে তাঁদের মনোনয়ন বৈধ করা হবে বলে জানানো হয়েছে।

যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, পিরোজপুর-৩ আসনের জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টির প্রার্থীর প্রয়োজনীয় কিছু দলিলাদি অসম্পূর্ণ রয়েছে। তাঁরা সঠিক কাগজপত্র সংযুক্ত করলে তাঁদের মনোনয়ন বৈধ করা হবে।

মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাঁরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন।

জেএইচআর