গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের বিরুদ্ধে পূর্বে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড। এর ফলে তিনি দলের প্রাথমিক সদস্য পদসহ পূর্বের সব সাংগঠনিক দায়িত্বে পুনর্বহাল হলেন।
এর আগে, গত ২২ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম আহম্মেদ তুলিপের বিরুদ্ধে পূর্বে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব সাংগঠনিক পদে বহাল থাকবেন।
অব্যাহতি আদেশ প্রত্যাহারের খবরে উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে ঘুরিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সেলিম আহম্মেদ তুলিপ দীর্ঘদিন ধরে সাঘাটা উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার পুনর্বহালে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতা তার বিরুদ্ধে দলের কাছে মিথ্যা অভিযোগ দাখিল করেছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করলে অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে মিথ্যা প্রমাণিত হয় এবং তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়।
এ জন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন