বেলকুচি প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০২:৪৬ পিএম
বেলকুচি প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বুধবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এই দিবস পালিত হয়। সকাল ৭টায় জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

এরপর সাড়ে ৭টায় তিন শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর তৌহিদ মাহমুদ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. ফরিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি শাহবাজ খান সানিসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সমাজসেবকগণ।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “আজকের এই আয়োজন শুধু একদিনের নয়। এই আয়োজন থেকে শক্তি সঞ্চয় করে আগামী একটি বছর যেন আমরা সমাজসেবায় ভালোভাবে কাজ করতে পারি, সেই লক্ষ্যেই আমাদের চলতে হবে। সাংবাদিকরা হলো জাতির দর্পণ; সমাজের বিভিন্ন সমস্যা আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি এবং পরবর্তীতে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।

ইএইচ