আপসহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পলাশবাড়ী পৌর বিএনপি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজার রহমান রাজা।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি এবং গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, প্রধান অতিথির ছেলে ডা. আবির হাসান দীপ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মী-সমর্থকগণ। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার অবদান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দেশপ্রেমিক এক নেত্রী, যার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” একই সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন