দেশজুড়ে জেঁকে বসা তীব্র শীত ও ঘন কুয়াশায় যখন জনজীবন স্থবির, তখন দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত মানুষের কষ্ট লাঘবে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন প্রান্তে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে প্রশাসন।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিশুপার্ক চত্বরে ১০০ জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির ব্যক্তিগত খোঁজখবর নেন এবং তাদের হাতে কম্বল তুলে দেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে এমন মানবিক উপহার পেয়ে শীতার্ত প্রতিবন্ধীরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুস্থ ও অসহায় মানুষের শীতকষ্ট দূর করতে এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন