সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:১৯ পিএম
সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের ভাষ্যমতে, রাতের আঁধারে বিএসএফ সেখানে প্রায় এক কিলোমিটারজুড়ে সড়ক নির্মাণের চেষ্টা চালায়।

বৃহস্পতিবার দুপুরে খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর কাছাকাছি এলাকায় এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর ১-এস থেকে ৯৩৪ এর ১১-এস পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার প্রধান সড়ক।

সীমান্তঘেঁষা প্রায় এক কিলোমিটার দূরত্বের সড়কটির দূরত্ব বাংলাদেশ সীমান্ত থেকে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ গজ। সেই সড়কের পূর্ব পাশে গত কয়েকদিন ধরে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়। বিএসএফের পাহারায় রাতের আঁধারে বেশ কিছু অংশে কাজও করে নিয়েছে তারা। খবর পেয়ে বিজিবি বাধা প্রদান করে। পরবর্তীতে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, “বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিজিবির টহল টিমসহ আমরা সীমান্তে অবস্থান করছি। বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বিএসএফ।”

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, বিএসএফ নতুন সড়ক নির্মাণের জন্য মাটি ভরাট করছে। খবর পেয়ে বিজিবি সড়ক নির্মাণের কাজে বাধা দিয়েছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায়ও বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। বর্তমানে নিয়মিত টহলের পাশাপাশি ওই সীমান্তে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সড়ক নির্মাণের ঘটনায় আগামী কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে উচ্চতর পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।