ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কিত্তা আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না করতে পারি তাহলে সকল অর্জন আমাদের বৃথা যাবে। গত বছর জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাইদের, এত বোনদের রক্ত ঝরেছে, ১৭ বছরে যে রক্ত ঝরেছে, গুম-খুন হয়েছে, আমাদের আবু সাঈদ, মুগ্ধদের প্রাণ গিয়েছে, কদিন আগে আমাদের দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যু হয়েছে এই সকল মৃত্যু, এসকল রক্ত সবই বৃথা যাবে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি। সেই কারণে আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে সে সিদ্ধান্তটা আমাদের সবাইকে সঠিকভাবে নিতে হবে। আমি সকলকে অনুরোধ জানাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত শরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন