টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজারের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে। সে জোড়দিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে তুহিন মোটরসাইকেল নিয়ে সখীপুরের দিকে আসছিল। কচুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন