বাগাতিপাড়ায় পীস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের উদ্বোধন

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৬ পিএম
বাগাতিপাড়ায় পীস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পীস স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার উপজেলার তমালতলা মোড়ে অবস্থিত ক্যাম্পাস মাঠে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। 

তিনি বলেন, মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। পীস স্কুল এন্ড কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রাম ও মফস্বল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই প্রকৃত শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। পীস স্কুল এন্ড কলেজ সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। 

তিনি বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সজিব আলী। তিনি বলেন, বাগাতিপাড়ার শিক্ষার্থীদের মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পীস স্কুল এন্ড কলেজের এমডি মো. ফিরোজ হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক সুধীজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষ পর্বে নতুন ক্যাম্পাস ঘুরে দেখেন অতিথিবৃন্দ এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

ইএইচ