নেত্রকোণার মোহনগঞ্জে চার মাদকসেবীকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া (২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন (২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে মো. সাগর আকন্দ (২৫)।
তাদের মধ্যে মাছুম মিয়াকে ১৫ দিনের, সুজন মিয়াকে দুই মাসের, ইয়াছিনকে ১৫ দিনের ও সাগর আকন্দকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, ওই চারজন রোববার সন্ধ্যায় পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে বসে মাদক সেবন করছিল। এ সময় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন