পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণিল ‘রোড শো’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী এবং পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।
এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন, এবারের নির্বাচনে ভোটারদের দুটি ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। একটি ব্যালটে ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থী নির্বাচন করবেন এবং অন্য ব্যালটটিতে গণভোট প্রদান করবেন।
তিনি আরও উল্লেখ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে ‘জুলাই সনদ’ সহ বিভিন্ন নাগরিক সুবিধা দ্রুততম সময়ে নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোড শো’র কনভয়টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সাধারণ জনগণ যাতে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে, সেই লক্ষ্যেই জেলাব্যাপী এই প্রচারণা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন