মৌলভীবাজারে উত্তর-পূর্ব রিজিয়ন সরাইলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:২৮ পিএম
মৌলভীবাজারে উত্তর-পূর্ব রিজিয়ন সরাইলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক ও বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রম নিয়ে বুধবার শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৭২ জন আসামিসহ ১৬৪,১৯,৫০,৪৭২ (একশত চৌষট্টি কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশত বাহাত্তর) টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও ৫,৪৭,৩০,২৯২ (পাঁচ কোটি সাতচল্লিশ লক্ষ ত্রিশ হাজার দুইশত বিরানব্বই) টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয় এবং ২টি বিদেশী পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করতে সক্ষম হয়।

প্রেস ব্রিফিং এ তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সরাইল রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর (সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল এবং ময়মনসিংহ সেক্টর) এর ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের ১৭টি জেলার ৫৬টি উপজেলার মোট ৯২টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিয়োজিত থাকবে। রিজিয়নের সকল বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য বিজিবি কর্তৃক টহল তৎপরতা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। 

পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বেইজ ক্যাম্প স্থাপন ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে সকল ভোটকেন্দ্রসমূহ রেকীর কার্যক্রম চলমান রয়েছে ও পর্যায়ক্রমে দ্রুততার সাথে রেকী সম্পন্ন করা হবে।

ব্রিফিং এ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইএইচ