খালেদা জিয়া আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন: মিনু

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:২২ পিএম
খালেদা জিয়া আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন: মিনু

রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করেছেন দলের চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।

বুধবার রাজশাহী সাহেব বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আকাশে অনেক তারা জ্বলে নিভে যায়, কিন্তু বেগম খালেদা জিয়া আজীবন উজ্জ্বল নক্ষত্র হয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। 

মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দেশ ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন, তেমনি বেগম খালেদা জিয়াও আপসহীন নেতৃত্ব দিয়ে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে দৃঢ় অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়েছেন, যার স্বীকৃতি তিনি দেশে ও আন্তর্জাতিক পরিসরে পেয়েছেন। বেগম জিয়াকে মা হিসেবে উল্লেখ করে মিনু বলেন, রাজনৈতিক জীবনে তার সব অর্জনের পেছনে বেগম জিয়ার অবদান রয়েছে। 

ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন দায়িত্ব পালনের সুযোগ এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব পাওয়া তারই হাত ধরে। তিনি সবসময় দল ও জনগণকে আগে রেখেছেন, কখনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেননি।

রাজনীতিতে তার সততা ও দেশপ্রেমের কথা তুলে ধরে মিনু বলেন, বেগম জিয়া স্পষ্টভাবে বলেছেন, দেশের বাইরে তার কোনো সম্পদ নেই, দেশের মানুষই তার আসল সম্পদ। এ বক্তব্য কোটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত। অতীতের মতো আগামীতেও রাজশাহী বিভাগে বিএনপি শক্ত অবস্থান তৈরি করবে। 

তিনি আশা প্রকাশ করেন, এবার বিভাগের ৩৯টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন (অব.), বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ কেন্দ্রীয় ও জেলার বাকি ৩টি আসনের মনোনীত প্রার্থীরা।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিলে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ