চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক ভাটিখাইন পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দুই চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনায় উভয় চালকের হাত ও পা ভেঙে গুরুতর রক্তক্ষরণ হয়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন