চট্টগ্রাম-১৩

আনোয়ারা-কর্ণফুলীতে পোস্টাল ভোট দেবেন ৩ হাজারের বেশি ভোটার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:২৭ পিএম
আনোয়ারা-কর্ণফুলীতে পোস্টাল ভোট দেবেন ৩ হাজারের বেশি ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৩ হাজার ২১১ জন ভোটার নিবন্ধন করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এসব ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর শুরু হওয়া পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া সোমবার রাত ১২টায় শেষ হয়।

ইসির তথ্য অনুযায়ী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৩ আসনে নিবন্ধিত পোস্টাল ভোটারদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন এবং নারী ৩৭০ জন। এর মধ্যে আনোয়ারা উপজেলায় মোট নিবন্ধন করেছেন ২ হাজার ৩৯২ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ১০৪ জন এবং নারী ২৮৯ জন। অপরদিকে কর্ণফুলী উপজেলায় নিবন্ধন করেছেন ৮১৮ জন ভোটার, যার মধ্যে পুরুষ ৭০৭ জন এবং নারী ৮১ জন।

উল্লেখ্য, সারা দেশে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে মোট নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার। জেলাভিত্তিক হিসাবে নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা, যেখানে নিবন্ধন করেছেন ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার। এরপর ঢাকা জেলায় ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রাম জেলায় ৯৫ হাজার ২৯৭ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেন।

আসনভিত্তিক হিসাবে ফেনী-৩ সংসদীয় আসনে সর্বোচ্চ ১৬ হাজার ৯৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে নিবন্ধনের সংখ্যা ১৪ হাজার ৩০১ জন।

নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ করতে পোস্টাল ভোট ব্যবস্থার প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, কর্মস্থল বা দায়িত্বজনিত কারণে ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারা ভোটারদের জন্য এই ব্যবস্থা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত করছে। চট্টগ্রাম-১৩ আসনে তিন হাজারের বেশি ভোটারের নিবন্ধন সেই আগ্রহেরই প্রতিফলন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে পোস্টাল ভোটার ব্যতীত মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৩৫ জন। এর মধ্যে আনোয়ারা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ৭৯০ জন। সেখানে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৯৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ২৩ হাজার ৮০৭ জন।

অন্যদিকে, কর্ণফুলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ২৪৫ জন। এ উপজেলায় পুরুষ ভোটার রয়েছেন ৭০ হাজার ৮৯০ জন এবং নারী ভোটার ৬৩ হাজার ৩৫৫ জন।

সব মিলিয়ে চট্টগ্রাম-১৩ আসনে মোট পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ১৬২ জন।

জেএইচআর