গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৩ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শুক্রবার বেলা ১১টায় র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়ার ছেলে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১১টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গত ৩১ ডিসেম্বর রাতে মাওনা চৌরাস্তা এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজ সংলগ্ন জাহাঙ্গীরের বাড়ির সামনে মাদক বিক্রি হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
পরে তাদের গাড়িতে তোলার সময় জাহাঙ্গীরের অন্যান্য সহযোগীরা রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে জাহাঙ্গীর ও রাজীব নামের আরেক আসামিকে ছিনিয়ে নেয়। পরবর্তীতে পুলিশ রাজীবকে গ্রেপ্তার করতে পারলেও জাহাঙ্গীর আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করলে বিষয়টি আমলে নিয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত হয়ে আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির আহমদ জানান, র্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন