সীমান্ত ব্যাংক পিএলসির উদ্যোগে দিনাজপুরের হিলিতে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ২০০ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সীমান্ত ব্যাংকের এ মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান প্রতিষ্ঠানগুলো এ ধরনের কার্যক্রমে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়া বলেন, সীমান্ত ব্যাংক সবসময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সীমান্ত ব্যাংক কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন