বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৫৮ এএম
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে লোডশেডিং দেখা দিয়েছে।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে যান্ত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। তখন থেকেই ইউনিটটি অচল অবস্থায় রয়েছে।

এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

এদিকে গত বছরের ৩০ ডিসেম্বর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ দিন পর সেটি পুনরায় উৎপাদনে আসে। তবে মাত্র চার দিন বিদ্যুৎ উৎপাদনের পর আজ ১৮ জানুয়ারি সকালে ইউনিটটি আবারও বন্ধ হয়ে যায়।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রধান প্রকৌশলী কৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম ইউনিটটি প্রায় ২০ বছর পুরোনো হওয়ায় এর মেরামতে সময় লাগবে। ফলে বিদ্যুৎ উৎপাদনে ফিরতেও সময় প্রয়োজন হবে। মার্চ মাসের আগে ইউনিটটি চালু করা সম্ভব নয় বলেও তিনি জানান।

এএন