দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, একজন আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:০৭ পিএম
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ, একজন আটক

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় বিজিবির পৃথক দুটি অভিযানে একজন চোরাকারবারীসহ ভারতীয় ইয়াবা এবং মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ জানুয়ারি ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৫৭/২-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চড়াই কুড়ি মরার চর এলাকায় পরিচালিত অভিযানে বাংলাদেশী চোরাকারবারী মো. মিজানুরকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ভারতীয় ১৩১ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃত মো. মিজানুরের পিতা মো. বাবু বিশ্বাস। তার বাড়ি উপজেলার চড়াই কুড়ি মরার চর। 

অপর এক অভিযানে একই দিন ভোর আনুমানিক ৪টায় চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৩৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫১ বোতল মদ জব্দ করে বিজিবি।

দুটি অভিযানে আটক ও জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত আসামীসহ ইয়াবা ও অন্যান্য আলামত মামলা দায়েরের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মালিকবিহীন অবস্থায় জব্দকৃত ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ