প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারী গণভোটের পক্ষে কাজ করতে পারবেন এবং এতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। তিনি এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন।
সোমবার দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, “কে ক্ষমতায় এলো বা কে গেলো তা বড় বিষয় নয়। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনের সুযোগ তৈরি করবে, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা নির্ধারণ করবে।”
তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে এবং সে অনুযায়ী প্রতিশ্রুতিও দিয়েছে।
তিনি দাবি করেন, গণভোটকে ঘিরে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তারা সফল হবে না, কারণ জনগণ এখন সচেতন এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা বুঝতে পারছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় গণভোটের গুরুত্ব, প্রশাসনের ভূমিকা এবং ভোটার অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন