কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি লার্নিং সেন্টারসহ একাধিক স্থাপনা আগুনে পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। গভীর রাতে আগুন লাগায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের কর্মীরা সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।’
তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। তারও আগে ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন