গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচার, ২ যুবক আটক

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:৩৩ পিএম
গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচার, ২ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উরশীউড়া গ্রামের মো. আশেক ভূইয়ার ছেলে মো. রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মো. সুলাইমান (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভাদুঘরস্থ বাদশাহ অটোগ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা ৪টি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। 

উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩৫ কেজি সাইজের ৩টি সিলিন্ডারের প্রতিটিতে ১৫ কেজি করে ৪৫ কেজি এবং ১২ কেজি সাইজের ১টি সিলিন্ডারের ভেতর ৫ কেজি গাঁজাসহ মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান। এ

 ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ইএইচ