বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে বৃহস্পতিবার ভোরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিস্তান বাজারের কয়েকজন কসাই পশু চিকিৎসকের লিখিত সনদ ছাড়া একটি অসুস্থ গরু জবাই করে দ্রুত বাজারে মাংস বিক্রি করে দেন।
অভিযোগ রয়েছে, বাজার কমিটির শর্ত উপেক্ষা করে কসাই মফিজ ও পারভেজ এ গরু জবাই করে ভোক্তাদের কাছে বিক্রি করেছেন।
এ বিষয়ে গুলিস্তান বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, গরু জবাইয়ের আগে যদি অসুস্থতার অভিযোগ আসে, তাহলে নিয়ম অনুযায়ী পশু ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়ে সুস্থতার সনদ নিতে হয়। অভিযোগ পাওয়ার পর আমি বাজারে গিয়ে দেখি তারা ইতোমধ্যে সব মাংস বিক্রি করে ফেলেছে।
নাম প্রকাশ না করার শর্তে ফাঁসিয়াখালীর এক বাসিন্দা অভিযোগ করেন, এ কসাইরা এর আগেও একাধিকবার অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করেছে। পাশাপাশি মাংস বিক্রির ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, অসুস্থ পশুর মাংস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এতে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে লামা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, এর আগেও একবার গর্ভবতী গাভী জবাই করে বিক্রির অভিযোগে তাদের এ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। তারা নিয়ম অমান্য করে এসব করে যাচ্ছে, উপজেলা প্রাণিসম্পদ সার্জেন্টকে নিয়ে দ্রুত অভিযান পরিচালনায় যাবে বলে তিনি জানিয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন