রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে সিক্স স্টার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:৫৫ পিএম
রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে সিক্স স্টার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ‘সিক্স স্টার গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি রাইফেল উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে উপজেলার তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন- মথুরাপুর এলাকার বাসিন্দা আবদুল হালিম (২৯) ও আবু বাশার (২৭)।

অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত সরঞ্জাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আসিফ রায়হানের নেতৃত্বে একটি দল শুক্রবার ভোরে মথুরাপুর এলাকায় অভিযান চালায়। নিজ নিজ বসতবাড়ি থেকে ওই দুই সদস্যকে গ্রেপ্তার করার সময় একটি ওয়াকিটকি সেট ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল উদ্ধার করা হয়। অভিযান শেষে তাঁদের বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাহেরপুর এলাকায় ‘সিক্স স্টার গ্রুপের’ আত্মপ্রকাশ ঘটে। ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই গ্রুপের সদস্যরা ওয়াকিটকি ব্যবহার করে এলাকায় ত্রাস ও প্রভাব বিস্তার করে আসছিল। পুকুর খনন নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই গ্রুপটির বিরুদ্ধে।

সর্বশেষ গত ২৮ নভেম্বর তাহেরপুর পৌরসভার যুবদলের আহ্বায়ক এস এম আরিফুল ইসলামের মালিকানাধীন একটি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই হামলায় যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশের বক্তব্য এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সেনাবাহিনীর অভিযানে পুলিশ সহযোগিতা করেছে। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হবে।

জেএইচআর