আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ শুরু করেছে সেনাবাহিনী।
শুক্রবার শাজাহানপুর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন সেনা কর্মকর্তারা।
এর মধ্যে আমরুল ইউনিয়নের নগর জে এম কামিল মাদ্রাসা, নগর বালিকা উচ্চ বিদ্যালয়, বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজিরুন মহিলা ফাযিল মাদ্রাসা কেন্দ্রগুলো ঘুরে দেখেন তাঁরা। এ সময় সেনা কর্মকর্তারা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ব্যবস্থা, প্রবেশ ও বাহির নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার ওয়ালিউর রহমান এ বিষয়ে বলেন, “শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, আমাদের নজরদারি ততই বাড়ানো হবে।”
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এই টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন