জাতীয় পার্টির সাবেক নেতাদের নেতৃত্বে নান্দাইলে বিএনপিতে ব্যাপক যোগদান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৩৭ পিএম
জাতীয় পার্টির সাবেক নেতাদের নেতৃত্বে নান্দাইলে বিএনপিতে ব্যাপক যোগদান

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

শুক্রবার বিকাল ৪টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপিতে যোগদান অনুষ্ঠানে নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তারা জাতীয় পার্টির বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন। 

নবাগত নেতাকর্মীদের ধানের শীষের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

যোগদানকারী নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে আজীবন বিএনপির রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন।

নান্দাইল উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার ও শাহজাহান ফকির; যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন ও মোখলেছুর রহমান; সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া; প্রচার সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া এবং দপ্তর সম্পাদক আবু তাহেরসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান ফকির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আদর্শে বিশ্বাসী হয়েই তারা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে উপজেলা ও পৌর কমিটি থেকে পদত্যাগ করার পর জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকবেন বলেও তিনি অঙ্গীকার করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কচিসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন নিশ্চিত করতে বৃহৎ দল বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তিনি বিএনপিতে যোগদানকারী সকল নেতাকর্মীকে অভিনন্দন জানান এবং ধানের শীষের পক্ষে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

ইএইচ