গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, অভ্যুত্থান রায় দিয়েছে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী কিংবা জমিদারিত্ব ব্যবস্থা কায়েম হতে পারবে না। এ দেশ সংস্কার করে ক্ষমতার ভারসাম্য সমহারে প্রতিষ্ঠা করতে হবে। সে জন্যই আমাদের নির্বাচন দরকার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও যুগপৎ আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
সাকি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও পুলিশি গুলিতে নিহত শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার রক্তদানের ধারাবাহিকতায় রাষ্ট্র পুনর্গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে, তা এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি বাঞ্ছারামপুরে বিএনপির কর্মী ও ছাত্রদল নেতা নয়নসহ সকল শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বাঞ্ছারামপুরবাসীকে বিএনপি সমর্থিত জোট প্রার্থীকে মাথাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক পি.এস.সি।
তিনি বলেন, জোনায়েদ সাকি আমাদের বাঞ্ছারামপুরের জন্য সৌভাগ্যের প্রতীক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জালাল উদ্দিন বাদল, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের পছন্দের সরকার গঠনের লক্ষ্যে বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ সাকিকে মাথাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন