শরীয়তপুর-৩ আসন (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার সন্ধ্যায় গোসাইরহাটে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। সভায় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
উন্নয়ন ও অধিকারের প্রতিশ্রুতি মতবিনিময় সভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “শরীয়তপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের প্রত্যাশা পূরণে এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব।” তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
নেতাকর্মীদের উপস্থিতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু মীর ও উপজেলা যুবদল সভাপতি উজ্জ্বল সিকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার এবং গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও সদস্য তারেক আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন