লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর শনিবার বিকেলে সেপটিক ট্যাংক থেকে ফজলে রাব্বি বাবু (২৩) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কলেজছাত্র রাব্বি চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের পুত্র। তিনি কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম ও নিহতের চাচা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি রাত ১০টার দিকে কলেজছাত্র বাবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা বেল্লাল হোসেন পরদিন রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে প্রায় দুই কিলোমিটার দূরে উত্তরজয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাগ গ্রামের শেখ বাড়ির প্রবাসী কিরণের ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে পচা দুর্গন্ধ ছড়ালে বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা সরিয়ে লাশ দেখতে পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কেন কলেজছাত্র রাব্বিকে হত্যা করেছে, তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি মোরশেদ আলম বলেন, খুনিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন