নির্বাচনী প্রচারণায় মেহেরপুর আসছেন জামায়াতের আমির

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:১৩ পিএম
নির্বাচনী প্রচারণায় মেহেরপুর আসছেন জামায়াতের আমির

জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে প্রথমবারের মতো মেহেরপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামীকাল সোমবার মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখবেন। 

নির্বাচনী জনসভায় আমিরের সাথে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ থাকবেন বলেও নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত করাসহ সব প্রস্তুতি নিয়েছেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার নেতারা। জনসভাস্থল পরিদর্শন করেছেন জামায়াতের মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজউদ্দিন খান, সেক্রেটারি ইকবাল হুসাইন ও জেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলামসহ নেতা-কর্মীরা। শহরে সাজ সাজ রব বিরাজ করছে। 

জনসভা সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রচারণা চালানো হয়েছে। ২৫ থেকে ৩০ হাজার লোকের সমাগম করা হবে বলে জানাচ্ছেন জামায়াত নেতৃবৃন্দ। জনসভাটি এলাকার নির্বাচনী মাঠকে আরও শক্ত করবে বলেও মনে করছে জেলা জামায়াত।

মেহেরপুরে তার আগমন ঘিরে সব শ্রেণির মানুষের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। কৃষিপ্রধান এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তাঘাটসহ রয়েছে নানা সমস্যা। পিছিয়ে পড়া এই জনপদকে এগিয়ে নিতে তার এই আগমন নতুন বার্তা দেবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।

ইএইচ