বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগ নেতা গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:৩৬ পিএম
বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনের মামলার চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর রাত ৪টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাহাড়িঁয়া কান্দি ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩৫), যুবলীগ নেতা মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), নাজিম উদ্দিন (৩৫) ও খাইরুল ইসলাম (৩২)। তারা সবাই বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বাঞ্ছারামপুর থানার এফআইআর নং-২, তারিখ ০২ জুলাই ২০২৫; জিআর নং-৫৯ এর মামলার এজাহারনামীয় ও দুর্ধর্ষ আসামি। উক্ত মামলায় ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এবং ৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ ধারায় অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানার এফআইআর নং-৬, তারিখ ২২ আগস্ট ২০২৪; জিআর নং-৮৩ এর মামলাও রয়েছে। ওই মামলায় ১৪৩/৩২৬/৩০৭/৪৩৬/১১৪ দণ্ডবিধি, ১৮৬০ সহ ৩/৬ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত চারজনের রাজনৈতিক পরিচয় রয়েছে। তারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাহাড়িয়াকান্দি ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন এবং সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা সংশ্লিষ্ট মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ