মাদ্রাসার শ্রেণিকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস, পাঠদানে বিঘ্ন

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৪৩ পিএম
মাদ্রাসার শ্রেণিকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস, পাঠদানে বিঘ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় করার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধূলিয়া মধ্যেরচর ইবতেদায়ী মাদ্রাসার নুরানি শিশু বিভাগটি এখন জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এ বিষয়ে মাদ্রাসাটির কোষাধ্যক্ষ ডা. আবদুর রশিদ জানান, কক্ষটি ভাড়া দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এটি দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি। 

তার মতে, মাদ্রাসায় রাজনৈতিক কার্যালয় থাকলে শিশুদের লেখাপড়ার মনোযোগে বিঘ্ন ঘটে।

মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আ. রহমান বলেন, তিনি শুনেছেন ২ হাজার টাকা ও ২০ বস্তা সিমেন্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কক্ষটি ভাড়া নিয়েছেন জামায়াত নেতারা। 

এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির সরাসরি স্বীকারোক্তি দিয়ে বলেন, “জামায়াত নেতাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়েই শ্রেণিকক্ষটি ভাড়া দিয়েছি।”

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার বিষয়ে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবদুল জব্বারের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে কলটি কেটে দেন।

ইএইচ