সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৩ পিএম
সাংবাদিককে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জেরে মহাসড়কে জাহিদ হাসান নামের এক সাংবাদিকের মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। এ সময় ওই সাংবাদিককে ১০ থেকে ১২ জন যুবক ঠেলে চলন্ত গাড়ির নিচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে শাহজাদপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান শাহজাদপুর প্রেসক্লাবের সদস্য এবং স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির এলাকার মহাসড়কের কোলঘেঁষে সড়ক ও জনপথের ক্যানেলে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) মেশিন লাগিয়ে রাতের অন্ধকারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। 

বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ভিডিও ধারণ করে ‘জনপদ সংবাদ’ নামের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের ফেসবুক পেজে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক জাহিদ হাসান। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয়ভাবে বেশ আলোচিত হয়। এরপর স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে মাটির ওই পয়েন্টটি বন্ধ করে দিলে সাংবাদিক জাহিদ হাসানের ওপর ক্ষিপ্ত হয় মাটি বিক্রির ওই চক্র।

গত শনিবার সাংবাদিক জাহিদ হাসান বন্ধুর দোকানে আড্ডা শেষে রাত ৮টার দিকে বাঘাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আলোকদিয়ার ব্রিজের ওপর কয়েকজন যুবক পথরোধ করে গালিগালাজ এবং ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে সাংবাদিক জাহিদ হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে চলন্ত গাড়ির নিচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় পথচারীরা এগিয়ে আসলে অভিযুক্তরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। 

পরে জাহিদ হাসান বাড়িতে ফিরে সাংবাদিক নেতাদের জানালে শাহজাদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

পরে শাহজাদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংবাদিক জাহিদ হাসান রোববার রাত ১০টার দিকে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেছেন।

বিষয়টি নিয়ে কথা হলে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল, ঠিক একইভাবে দুর্নীতিবাজ লুটেরা একটি চক্র সাংবাদিকের ওপর হামলা চালিয়ে পুনরায় ভয়ের সংস্কৃতি চালু করতে চাচ্ছে। আবারও হুমকি-ধামকি এবং আঘাত করে সাংবাদিকের কণ্ঠরোধের মাধ্যমে নয়া ফ্যাসিজম চালুর পাঁয়তারা চলছে যা খুবই উদ্বেগজনক।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ