আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি বাজার এলাকা থেকে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।
ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না গণসংযোগ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় শফিকুল হক মিলন বলেন, বিএনপি একটি বৃহৎ ও গণমানুষের দল। দীর্ঘ ১৭ বছর ধরে নানা চক্রান্ত ও জেল-জুলুম চালিয়েও এই দলকে নিশ্চিহ্ন করা যায়নি। আজ কিছু দল জনসমর্থন না পেয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা সফল হবে না।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণকে তারেক রহমানের নেতৃত্বের পাশে ঐক্যবদ্ধ থাকতে হবে।
৩১ দফা ও উন্নয়নের অঙ্গীকার নির্বাচনে জয়ী হলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিলন বলেন, নারীদের উন্নয়নে বিশেষ কর্মসূচি, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে।
এ ছাড়া রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খাল খনন এবং এলাকায় কৃষি ইপিজেড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনাও তুলে ধরেন।
ধর্মীয় রাজনীতির সমালোচনা প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে মিলন বলেন, ধর্মকে পুঁজি করে রাজনীতি করা উচিত নয়। জনগণ এখন অনেক সচেতন।
এবারের নির্বাচনকে অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন উল্লেখ করে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন।
নেতাকর্মীদের উপস্থিতি গণসংযোগে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোকলেসুর রহমান রিন্টু।
এ ছাড়া জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন