মাগুরার মহম্মদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ব্রিজ এলাকায় অবস্থিত মহম্মদপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেল মোল্লার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহানুর জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রব, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল ও অধ্যাপক আমিনুর রহমান কলেজের ওসিউজ্জামান বুলবুল।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মো. সুজন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মাওলানা আব্দুল বাকি শিকদার।
সমাবেশে বক্তারা অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত যোগাযোগ এবং পারিবারিক সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বিদ্যালয় ও অভিভাবকদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন