নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা প্রস্তুতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:৩২ পিএম
নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাব) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

বিজিবি সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই যশোর রিজিয়নের অধীনস্থ ইউনিটগুলো নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলসহ সব উপজেলায় রেকি কার্যক্রম সম্পন্ন করেছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে বিজিবি মোতায়েন কার্যক্রম শেষ হবে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসের সাথে সমন্বয় করে ইতোমধ্যে সকল ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্র চিহ্নিত করে সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে সম্প্রতি চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অভিযানে ১৪৩ জন আসামি সহ মোট ১০৪ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে ১ দশমিক ৩৩ কেজি স্বর্ণ, ১৫ দশমিক ৩৩ কেজি রৌপ্য, ১৫টি আগ্নেয়াস্ত্র, ২৭ রাউন্ড গুলি, ৪০ হাজার বক্স এয়ারগানের গুলি, বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও বিদেশি মদ।

বিজিবি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ছয়টি জেলার প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনকালীন দায়িত্ব পালন করা হবে। সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

ইএইচ