চাঁপাইনবাবগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:২৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত

কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মেলে, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ—এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে চাকরিমেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ মেলার আয়োজন করে। জেলা শহরের কারিগরি এ শিক্ষাপ্রতিষ্ঠানটির চত্বরে মেলাটি অনুষ্ঠিত হয়।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা খানম। 

এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সূচনা বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক।

বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কারিগরি শিক্ষা এমন এক শিক্ষা যেখানে শিক্ষার্থীদের চাকরির পেছনে ছুটতে হয় না, চাকরিই তাদের খুঁজে বের করে। তার প্রমাণ আজকের জব ফেয়ারে প্রাণসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দক্ষ শিক্ষার্থীদের চাকরি দিতে এখানে ছুটে এসেছে। শিক্ষার্থীরা মন দিয়ে লেখাপড়া শেষ করতে পারলেই চাকরি নিশ্চিত।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ মেলায় মোট ১০টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তারা যোগ্যতা অনুসারে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাকরির জন্য নিয়োগ দেয়।

ইএইচ