বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু বছর পর তিনি এ এলাকায় এসেছেন। এর আগে যখন এসেছিলেন, তখন ঘুরে ঘুরে এলাকার কাজ দেখতেন। আগামীতে এ এলাকার সকল উন্নয়ন ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের মাধ্যমে করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় তিনি মোরশেদ মিলটনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তার সাথে থাকার আহ্বান জানান। তিনি নিজেকে এ এলাকার ঘরের সন্তান হিসেবে উল্লেখ করে আবারো দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার বেলা একটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বাসের ভেতর থেকেই বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের পর তিনি সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে রওয়ানা হন।
শাজাহানপুরে হঠাৎ এ পথসভায় তারেক রহমানের উপস্থিতিতে দলীয় নেতা-কর্মীসহ বহু সমর্থক ঢাকা-বগুড়া মহাসড়কে ভিড় জমান। এ সময় রাস্তার দুপাশে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। বক্তব্যে তারেক রহমান শাজাহানপুরসহ বগুড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সাথে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাবতলী ও শাজাহানপুরের উন্নয়নে বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন, বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু সাহিন সানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন