সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে মতবিনিময়

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:০১ পিএম
সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে মতবিনিময়

আগামীকাল রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবারবিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির এরশাদুল হক ইমনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা।

মতবিনিময়কালে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হলে সাদুল্লাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা হবে এবং উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না।

তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

সভায় জানানো হয়, আগামীকাল রোববার সাদুল্লাপুর হাইস্কুল মাঠে জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে। ওই জনসভায় দলীয় ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে। সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ