কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতা দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি দল পরিবর্তন করেন।
বিএনপিতে যোগ দেওয়া ওই নেতার নাম মো. আসাদুল হক। তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার হাতে ধানের শীষ তুলে দিয়ে তিনি দলটিতে যোগ দেন।
পথসভায় রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করিয়ে আসাদুল হকের বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিএনপির জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। এতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।
নবযোগদানকারী আসাদুল হক বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হতেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে জনগণের বাংলাদেশ গড়ার লড়াইয়ে তিনি রাজপথে থাকবেন।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত নেতাকে তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন