দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:০৬ পিএম
দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আজিজুল (৩০)। তিনি দৌলতপুর উপজেলার ইসলামপুর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

বিজিবি জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযান পরিচালনা করে। সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে আজিজুলের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় শুটার গান, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা।

পরে উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএইচ