বেলকুচিতে টেক্সটাইল কারখানায় আগুন, ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৩২ পিএম
বেলকুচিতে টেক্সটাইল কারখানায় আগুন, ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

সিরাজগঞ্জের বেলকুচিতে কামাল টেক্সটাইল নামের একটি তাঁতের ড্রাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর এলাকার চালা আদালতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে পাওয়ারলুম তাঁতের ৬টি ড্রাম ও ১৮টি লুঙ্গির ভিমসহ ঘর পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।

কারখানার ড্রাম মাস্টার আমিনুল জানান, প্রতিদিনের মতো তারা ড্রামে কাজ করছিলেন। হঠাৎ ঘরের ভেতরে আগুনের ফুলকি দেখতে পান তারা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে তারা বালু ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

টেক্সটাইলের স্বত্বাধিকারী হাজি আব্দুল মজিদ সরকার বলেন, দুপুরে হঠাৎ ড্রাম ঘরে আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে তার প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাহাতপ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কারখানার মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ইএইচ