দিনাজপুরে নবম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:০১ পিএম
দিনাজপুরে নবম পে-স্কেলসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আয়োজনে নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাকাশিঅকস দিনাজপুর শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মোকিম আলি।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও আব্দুল হাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী অবিলম্বে বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। সাত দফা দাবি বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনরত কর্মচারীরা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন পে-স্কেল ঘোষণা এখন সময়ের দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ইএইচ