মেহেন্দিগঞ্জে পন্টুনে লঞ্চের ধাক্কা, আহত অন্তত ২০

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৩৮ পিএম
মেহেন্দিগঞ্জে পন্টুনে লঞ্চের ধাক্কা, আহত অন্তত ২০

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া কালীগঞ্জ পন্টুনে লঞ্চের ধাক্কায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

শনিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটের সময় ফারহান-৯ নামক লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে কয়েক শ যাত্রী নিয়ে আসা লঞ্চটি পন্টুনে ভেড়ানোর সময় সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চ ও পন্টুনে থাকা ১৫-২০ জন যাত্রী ছিটকে তীরের ব্লকের ওপর ও নদীতে পড়ে যান। লঞ্চের ধাক্কায় পন্টুনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিমের অভিযোগ, লঞ্চের চালক ও মাস্টারের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘাট ইজারাদার মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘জরাজীর্ণ ও ফিটনেসবিহীন একটি ছোট পন্টুন এখানে দেওয়া হয়েছে। তার ওপর লঞ্চের সজোরে ধাক্কায় যাত্রীরা ছিটকে পড়ে আহত হয়েছেন। আমাদের আগের পন্টুনটি সংস্কারের কথা বলে নিয়ে যাওয়ার পর এ ছোট পন্টুনটি দেওয়ায় দুর্ভোগ বেড়েছে।’

আরেক ইজারাদার সৈয়দ আকবর আলী চৌধুরী বলেন, বিআইডব্লিউটিএর অসহযোগিতার কারণে যাত্রীসেবা নিশ্চিত করা যাচ্ছে না। জরাজীর্ণ পন্টুন নিয়ে দুর্ঘটনার যে আশঙ্কা করা হয়েছিল, আজ সেটাই ঘটল। তিনি অবিলম্বে মানসম্মত বড় পন্টুন বরাদ্দ এবং অভিযুক্ত লঞ্চ মাস্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ