ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের ইজ্জত রক্ষার জন্য এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
রোববার লক্ষ্মীপুর-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশুপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মুফতি রেজাউল করীম বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশটাকে সুন্দরভাবে গড়ার একটা সুযোগ এসেছে। ইসলামের পক্ষে একটি বাক্স গঠনের যে লক্ষ্য নিয়ে আমরা আওয়াজ তুলেছিলাম, তাতে সারা দেশের মানুষের সাড়া মিলেছিল। কিন্তু এক শ্রেণির ক্ষমতালোভী স্বার্থান্বেষী মহল আবার ঘোষণা করল, তারা ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী দেশ চালাবে না। তখনই আমরা ইসলামের ইজ্জত রক্ষার জন্য হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে ২৫৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি অভিযোগ করে বলেন, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল, গত ৫৪ বছরে তার একটিও বাস্তবায়ন হয়নি। যারা দেশ পরিচালনা করেছে, তাদের কারণে বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার হয়েছে।
চরমোনাই পীর আরও বলেন, মহান আল্লাহ বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, তিনি সেই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না। জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে তিনি আশা প্রকাশ করেন যে, ইসলামের পক্ষ ও মানবতার কল্যাণের প্রতীক হাতপাখার প্রার্থী আল্লাহর রহমতে বিজয়ী হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন