দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার ১৪ জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কিশোরগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে এহসানুল হক হুদার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। বহিষ্কৃত নেতারা ইকবালের পক্ষে প্রচার চালাচ্ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে বাজিতপুর উপজেলার নেতারা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম এবং কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
নিকলী উপজেলার বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মাসুক মিয়া, সহসভাপতি এখলাসুর রহমান দুলাল, হারুন অর কাইয়ুম, সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ এবং জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসহাক মেম্বার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন